কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০

কুমিল্লা জেলায় রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ঈদের দিন শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রী ওমর ফারুক জানান, তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকি ও বিকট শব্দে ঘুম ভাঙতেই দেখেন, ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি দুমড়েমুচড়ে যায়। পরে তিনি জ্ঞান হারান এবং জ্ঞান ফেরার পর নিজেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ দেখতে পান।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় নোয়াখালীগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষটি ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুটি শিশু রয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং হতাহতদের হাসপাতালে পাঠান। আহতদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় ভৌমিক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি রেললাইনে উঠে যাওয়ার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করেছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।
