মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে নদীতে পড়লেন যাত্রী, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে একটি লঞ্চ ভেড়ার সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। চাঁদপুর থেকে ঢাকাগামী ‘রব রব–৭’ নামের লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেন এক যাত্রী। তবে তিনি নামতে ব্যর্থ হয়ে লঞ্চের সামনের অংশে কিছুক্ষণ ঝুলে থাকেন। একপর্যায়ে হাত ফসকে ধলেশ্বরী নদীতে পড়ে যান।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মো. জাহির নামে ওই যাত্রীকে দ্রুত উদ্ধার করে ডুবুরি দল। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি কুমিল্লার বাসিন্দা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই একটি ডুবুরি দল প্রস্তুত ছিল। নদীতে পড়ে যাওয়ার পরপরই তারা দ্রুত অভিযান চালিয়ে জাহিরকে উদ্ধার করে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
