প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ আজ (১৭ মার্চ) এক যৌথ বিবৃতিতে সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে। এতে শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কোচিং নির্ভরতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ আরও ত্বরান্বিত হবে।
তারা আরও বলেন, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষা অধিকার নয়, বরং সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এর ফলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তান ছাড়া কৃষক-শ্রমিক-মজুর পরিবারের শিশুদের জন্য মানসম্মত শিক্ষা অর্জন কঠিন হয়ে পড়ছে।
নেতৃদ্বয় অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
