সংবিধান সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: সালাউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি এ পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি।
দুই দিন বিরতির পর আজ রোববার জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন আহমদ বলেন, “গণভোটের রায় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। এ বিষয়ে সংসদে আলোচনা হবে। সংশোধন সম্পন্ন হলে তবেই তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এরপর যদি কোনো পরিষদ গঠন বা শপথ গ্রহণের বিষয় আসে, সেটি পরবর্তী বিষয়।”
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি।
মন্ত্রী বলেন, “আমরা সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি। এদিকে ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংস্কার পরিষদ)–এর সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিষয়টি বিচার বিভাগের বিবেচনায় রয়েছে। তবে সাংবিধানিকভাবে এমন কোনো পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই।”
