চলমান সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে সরকার মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করে অবিলম্বে কার্যকর করা হয়েছে।

এর আগে পৃথক প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের অবশিষ্ট চুক্তির মেয়াদ বাতিল করা হয়। তাঁর মেয়াদ ২০২৮ সালের ১৩ আগস্ট পর্যন্ত ছিল। নতুন নিয়োগের আগে কয়েক দিন ধরে বাংলাদেশ ব্যাংকের একদল কর্মকর্তা তাঁর বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন। চুক্তি বাতিলের আগে এক সংবাদ সম্মেলনে আহসান মনসুর বলেন, পদত্যাগ করতে তাঁর ‘দুই সেকেন্ড সময়’ লাগবে।

মোস্তাকুর রহমান হবেন বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর এবং আইসিএমএবি থেকে এফসিএমএ ডিগ্রিধারী। পেশায় একজন ব্যবসায়ী হিসেবে তিনি হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। আর্থিক খাতে তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে বলে জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকারের কর্মসূচি ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হচ্ছে এবং প্রয়োজনে এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে।