গণভোটের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট, ফলাফল স্থগিতের আবেদন
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত ও পুরো প্রক্রিয়া বাতিলের আবেদন জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ আবেদনকারী হিসেবে মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। তিনি গণমাধ্যমকে জানান, গণভোট আয়োজনের আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করেই এই আবেদন করা হয়েছে।
বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। ফলে ‘হ্যাঁ’ ভোট ‘না’-এর তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে।

