ভোটের আগের দিন বিমানবন্দরে ‘অর্ধ কোটি’ টাকাসহ জামায়াত নেতা আটক! -সৈয়দপুর বিমানবন্দরে নাটকীয় অভিযান—টাকার উৎস নিয়ে চাঞ্চল্য

ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন প্রধান, তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বলে জানা গেছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি প্রাথমিকভাবে দাবি করেছেন তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে টাকা গণনা করা হয়নি।
পুলিশ সুপার আরও বলেন, “সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভোটের ঠিক আগমুহূর্তে এত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকার উৎস ও এর উদ্দেশ্য কী—তা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।
ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
