চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি: গড়ে ৪১ শতাংশ

চট্টগ্রাম বন্দরে সেবাখাতের ট্যারিফ গড়ে ৪১ শতাংশ বাড়ানো হয়েছে। কন্টেনার হ্যান্ডলিং, কার্গো খালাস, জাহাজ চলাচল, পানি-বিদ্যুৎ, গেটপাস, লাইসেন্স নবায়নসহ প্রায় সব খাতে নতুন এই ট্যারিফ সোমবার থেকে কার্যকর হয়েছে।
ব্যবসায়ী ও শিল্পপতিদের আপত্তি সত্ত্বেও রোববার রাতে এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ট্যারিফে ২০ ফুটের একটি কন্টেনার হ্যান্ডলিংয়ে খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজার ২৪৩ টাকা, যা আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা।
পণ্য খালাসে কেজিপ্রতি খরচ বেড়েছে ৩৫ পয়সা থেকে ৪৯ পয়সায়। পাইলটেজ, টাগ সার্ভিস, গেট ফি ও লাইসেন্স ফিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে। ভারী যানবাহনের প্রবেশ ফি নির্ধারিত হয়েছে ২০০ টাকা এবং ছোট যানবাহনের জন্য ১০০ টাকা।
বন্দর কর্তৃপক্ষ বলছে, ১৯৮৬ সালের পর এই প্রথম ট্যারিফ বাড়ানো হলো। ব্যবসায়ীরা বলছেন, এতে রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে এবং আমদানি-রপ্তানির খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
