বিমানবন্দরে ব্যাগে ম্যাগাজিন: ভুলবশত থেকে গেছে, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

#নিজস্ব প্রতিবেদক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে একটি ম্যাগাজিন (গোলাবারুদের খালি খোল) পাওয়া যাওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তিনি। রোববার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ ঘটনাটিকে “সম্পূর্ণ অনিচ্ছাকৃত” বলে দাবি করেন।
তিনি জানান, মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ যোগ দিতে রোববার ভোর ৬টা ৫০ মিনিটে তার ফ্লাইট ছিল। ভোররাতে তড়িঘড়ি করে প্যাকিং করার সময় তিনি ভুল করে একটি ম্যাগাজিন ব্যাগে রেখে ফেলেন। স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়লে তিনি সঙ্গে থাকা প্রটোকল কর্মকর্তার কাছে ম্যাগাজিনটি হস্তান্তর করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে অস্ত্র রাখাটা স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা হয়।”
আসিফ মাহমুদ আরও বলেন, “অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ব্যাগে রয়ে যায়। বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? যদি কোনো ইচ্ছা থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না।”
এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর কিছু মহল থেকে দাবি ওঠে যে, উপদেষ্টা মহোদয় সংবাদ সরাতে চাপ দিয়েছেন। তবে আসিফ মাহমুদ সে অভিযোগ সপাটে প্রত্যাখ্যান করে বলেন, “চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনলাইনে এসে দেখি এত কিছু হয়ে গেছে।”
নাগরিকদের নিরাপত্তার বিষয়েও মন্তব্য করেন তিনি। “আপনারও যদি নিরাপত্তাঝুঁকি থাকে, যথাযথ নিয়ম মেনে আপনি অস্ত্রের লাইসেন্স করতে পারেন,” বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
